| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যাত্রাবাড়ীতে হানি ট্রাপ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩০, ২০২৬ ইং | ১২:১৯:৩০:অপরাহ্ন  |  ৩৭৫০৭৩ বার পঠিত
যাত্রাবাড়ীতে হানি ট্রাপ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

রিপোর্টার্স ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীতে হানি ট্র্যাপের মাধ্যমে এক ব্যবসায়ীর কাছ থেকে অর্থ লুণ্ঠনের ঘটনায় সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- আ. গাফ্ফার সরকার (৪৫) এবং শিরিন আক্তার ওরফে সুমাইয়া (২৫)।

রোববার (২৯ মার্চ) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে চক্রটির মূল দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা পরিকল্পিতভাবে ভুক্তভোগীকে ফাঁদে ফেলে অর্থ আদায় করত।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২৫ মার্চ) যাত্রাবাড়ীর গোবিন্দপুর এলাকায় নূর মসজিদ সংলগ্ন একটি বাসায় পূর্বপরিকল্পিতভাবে এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। এ সময় আপত্তিকর ভিডিও ধারণের মাধ্যমে তাকে ব্ল্যাকমেইল করে মোট দুই লাখ ৫৯ হাজার ৭০০ টাকা হাতিয়ে নেয় চক্রটি।

তদন্তে জানা যায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে শিরিন আক্তার ওরফে সুমাইয়া ভুক্তভোগীকে দেখা করার কথা বলে শনিরআখড়া এলাকায় ডেকে নেয়। পরে কৌশলে তাকে একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া সহযোগীরা ভুক্তভোগীকে মারধর করে এবং ভিডিও ধারণ করে ভয় দেখিয়ে টাকা আদায় করে।

পুলিশ জানায়, এ ঘটনায় যাত্রাবাড়ী থানা পুলিশ রোববার (২৯ মার্চ) তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিরআখড়া ও গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে চক্রের মূল দুই সদস্য গাফ্ফার সরকার ও শিরিন আক্তার ওরফে সুমাইয়াকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং বাকি অর্থ উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪