স্টাফ রিপোর্টার: ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ চতুর্দশ লিও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, যারা যুদ্ধ শুরু করে, সৃষ্টিকর্তা তাদের প্রার্থনায় সাড়া দেন না।
রোববার (২৯ মার্চ) ‘পাম সানডে’ উপলক্ষে ভ্যাটিকানে উপাসনা শেষে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নতুন পোপ হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিশ্বজুড়ে যুদ্ধ ও সহিংসতার বিরুদ্ধে ধারাবাহিকভাবে শান্তির আহ্বান জানিয়ে আসছেন।
অ্যাঞ্জেলাস প্রার্থনার পর পোপ বলেন, মধ্যপ্রাচ্যের খ্রিস্টানরা ভয়াবহ সংঘাতের মধ্যে দিন কাটাচ্ছে। অনেকেই নিরাপত্তাহীনতার কারণে পবিত্র ধর্মীয় উৎসবগুলো ঠিকভাবে পালন করতে পারছেন না। যারা যুদ্ধ শুরু করে, তাদের প্রার্থনায় ঈশ্বর সাড়া দেন না—এ মন্তব্যের মাধ্যমে তিনি সংঘাতের নৈতিক দায় প্রশ্নবিদ্ধ করেন।
তিনি আরও বলেন, চলমান সংঘাতের কারণে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, পরিবার হারাচ্ছে এবং মানবিক বিপর্যয় ক্রমেই তীব্র হচ্ছে। এই প্রেক্ষাপটে তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সংলাপের মাধ্যমে সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানান। কোনো দেশকে সরাসরি উল্লেখ না করলেও শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করে তাৎক্ষণিক ও টেকসই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন পোপ।
এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংশ্লিষ্ট উত্তেজনা ক্রমেই বাড়ছে। সংঘাত শুরুর এক মাস পার হওয়ার পর ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে জবাব দিচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এর প্রভাব পড়ছে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ পুরো অঞ্চলে।
পোপ চতুর্দশ লিও তার বার্তায় স্পষ্ট করে বলেন, যুদ্ধ ও সহিংসতা কখনো স্থায়ী সমাধান আনতে পারে না। শান্তি, সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই কেবল দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা অর্জন সম্ভব।
উল্লেখ্য, পোপ ফ্রান্সিস-এর মৃত্যুর পর গত ২১ এপ্রিল পোপ চতুর্দশ লিও ক্যাথলিক বিশ্বের সর্বোচ্চ ধর্মীয় নেতৃত্ব গ্রহণ করেন।
রিপোর্টার্স২৪/বাবি