স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নেবে ইরান—এ কথা স্পষ্ট করে জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। তবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য আসরে অংশগ্রহণের আগে নিরাপত্তা, ভিসা ও সম্মানজনক আচরণের নিশ্চয়তা চেয়েছে তেহরান।
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ দেশটির সংবাদমাধ্যমকে বলেন, ইরান অবশ্যই বিশ্বকাপে খেলবে। তবে খেলোয়াড় ও কোচিং স্টাফদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে আয়োজক দেশগুলোর সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
ইরানি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, বিশেষ করে যেসব খেলোয়াড় ও কর্মকর্তা অতীতে ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এ সামরিক দায়িত্ব পালন করেছেন, তাদের যেন কোনো জটিলতা ছাড়াই ভিসা দেওয়া হয়—এ দাবি জানিয়েছে তেহরান।
বিশ্বকাপকে ঘিরে ইরানের উদ্বেগের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান রাজনৈতিক উত্তেজনা। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জেরে শুরু হওয়া সংঘাতের পর দুই দেশের মধ্যে বর্তমানে ভঙ্গুর যুদ্ধবিরতি বিরাজ করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় এখনও অনেক ইরানি নাগরিকের দেশটিতে প্রবেশ সীমিত রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে ১০ টি শর্ত উত্থাপন করেছে দেশটি। এর মধ্যে রয়েছে খেলোয়াড় ও কর্মকর্তাদের ভিসা নিশ্চয়তা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং ইরানের জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রতি সম্মানজনক আচরণের গ্যারান্টি।
মেহদি তাজ বলেন, আমরা আমাদের বিশ্বাস, সংস্কৃতি ও আদর্শ থেকে একচুলও সরে না গিয়ে বিশ্বকাপে অংশ নেব।
গত মাসে কানাডায় অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে যোগ দিতে গিয়ে দেশটির কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন মেহদি তাজ। অভিযোগ রয়েছে, অতীতে তার সঙ্গে ইরানের প্রভাবশালী বিপ্লবী গার্ড বাহিনীর সম্পর্ক ছিল। যুক্তরাষ্ট্র ও কানাডা—উভয় দেশই আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।
ইরানের অধিনায়ক মেহদি তারেমি-কেও ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালনের সময় তিনি আইআরজিসিতে দায়িত্বে ছিলেন বলে জানা গেছে। ফলে তার ভিসা প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানে বাধ্যতামূলক সামরিক সেবায় খেলোয়াড়দের পুলিশ, সেনাবাহিনী বা বিপ্লবী গার্ডে এলোমেলোভাবে দায়িত্ব দেওয়া হয়।
২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘জি’-তে ইরানের প্রতিপক্ষ বেলজিয়াম, নিউজিল্যান্ড ও মিশর। আগামী ১২ জুন ক্যালিফোর্নিয়ার ইংলউড-এ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান।
টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে ইরান। সব মিলিয়ে এটি হবে দেশটির সপ্তম বিশ্বকাপ। তবে এখন পর্যন্ত একবারও গ্রুপ পর্ব পেরোতে পারেনি এশিয়ার অন্যতম শক্তিশালী দলটি। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান ২১ নম্বরে। এশিয়ান বাছাইপর্বে মাত্র একটি ম্যাচ হেরেই বিশ্বকাপ নিশ্চিত করেছে তারা।
রিপোর্টার্স২৪/বাবি