সিনিয়র রিপোর্টার: জাতীয় সংসদ ইনসাফ বা ন্যায়বিচারের ভিত্তিতে পরিচালিত হলে দেশেও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২৯ মার্চ) সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি নবনিযুক্ত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে অভিনন্দন জানান এবং তার নিরপেক্ষতার প্রতিশ্রুতির প্রশংসা করেন।
বিরোধীদলীয় নেতা বলেন, সংসদ দেশের সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু এবং ডেপুটি স্পিকারের চেয়ার একটি গুরুত্বপূর্ণ ও ন্যায়বিচারের আসন। তিনি আশা প্রকাশ করেন, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে জনগণের প্রত্যাশা পূরণ হবে।
তিনি আরও বলেন, ডেপুটি স্পিকার দায়িত্ব পালনে যে কোনো যৌক্তিক পদক্ষেপ নিলে বিরোধী দল সর্বাত্মক সহযোগিতা করবে। একই সঙ্গে দায়িত্ব পালনে কোনো ভুল হলে তা সংশোধনে সহায়তা করার আশ্বাসও দেন তিনি।
বক্তব্যের শেষে তিনি বলেন, সংসদ যদি ন্যায়বিচারের ভিত্তিতে পরিচালিত হয়, তবে দেশেও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব হবে। পরে ডেপুটি স্পিকার তাকে ধন্যবাদ জানান।
রিপোর্টার্স২৪/এসসি