| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশের বিভিন্ন ডিপোতে জ্বালানি তেলের নিরাপত্তায় বিজিবি মোতায়েন

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৮, ২০২৬ ইং | ১২:১৭:১৪:অপরাহ্ন  |  ৩৯৪০৭২ বার পঠিত
দেশের বিভিন্ন ডিপোতে জ্বালানি তেলের নিরাপত্তায় বিজিবি মোতায়েন

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে জ্বালানি তেল মজুত ও অননুমোদিত বিপণন রোধ এবং সরবরাহ নিশ্চিত করতে দেশের বিভিন্ন তেল ডিপোয় বিশেষ অভিযান চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ মার্চ) বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং সীমিত সরবরাহের পরিস্থিতিতে অননুমোদিত মজুতের চেষ্টা পরিলক্ষিত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই পরিস্থিতি মোকাবিলায় বিজিবি বিভিন্ন ডিপোতে দায়িত্বে নিয়োজিত হয়েছে।

ডিপো নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি একটি সুপরিকল্পিত কাঠামোর আওতায় কাজ করছে। দূরবর্তী এলাকায় দায়িত্ব পালনের সুবিধার্থে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে কর্মকর্তাদের নেতৃত্বে নিয়মিত তদারকি, প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি জোরদার এবং অবৈধ মজুত প্রতিরোধ করা হচ্ছে।

বিজিবি সদরদপ্তরের তথ্যানুযায়ী, বুধবার (২৫ মার্চ) থেকে ঢাকার ১টি, কুড়িগ্রামের ২টি, রংপুরের ৩টি, রাজশাহীর ৩টি, সিলেটের ২টি, মৌলভীবাজারের ৩টি, কুমিল্লার ৩টি, ব্রাহ্মণবাড়িয়ার ১টি এবং সুনামগঞ্জের ১টি ডিপোসহ মোট ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

এছাড়া, সীমান্ত দিয়ে তেল পাচার প্রতিরোধে বিজিবি নৌ-টহল, সীমান্ত চেকপোস্ট এবং ট্রাক-লরিসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি কার্যক্রম জোরদার করেছে। সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে অবৈধ কার্যক্রম প্রতিরোধ এবং জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, তাদের দৃশ্যমান উপস্থিতি জনমনে আস্থা বৃদ্ধি করছে এবং ডিপোগুলোর তেল সরবরাহকে স্থিতিশীল রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪