রিপোর্টার্স২৪ ডেস্ক: হঠাৎ বৈরী আবহাওয়ার ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঢাকাসহ দেশের অন্তত ১৫টি অঞ্চলে দমকা হাওয়া, বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এতে সকাল থেকে দুপুরের মধ্যেই ঝড়ো আবহাওয়ার প্রভাব দেখা যেতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দুপুর ১টা পর্যন্ত প্রযোজ্য এক বিশেষ আবহাওয়া বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। এতে স্বাক্ষর করেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। এ সময় দমকা হাওয়া অস্থায়ীভাবে ঝড়ো রূপ নিতে পারে।
এর আগে শুক্রবার রাতের আরেক পূর্বাভাসে জানানো হয়, সন্ধ্যার মধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার এই পরিবর্তনের ফলে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়াবিদরা বলছেন, এই ধরনের অস্থির আবহাওয়া হঠাৎ ঝড়ের ঝুঁকি বাড়ায়। তাই বিশেষ করে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম