রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ কোনো দেশের ষড়যন্ত্রের মাধ্যমে সৃষ্টি হয়নি এটি গড়ে উঠেছে মানুষের আত্মত্যাগ, অস্তিত্বের লড়াই এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা থেকে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
টুকু বলেন, বাংলাদেশের জন্ম হয়েছে মানুষের আত্মার দাবি থেকে নিজস্ব পতাকা, মাটি ও পরিচয়ের জন্য। যারা এ নিয়ে প্রশ্ন তোলে, তারা আসলে দেশের স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না।
তিনি জোর দিয়ে বলেন, মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ। খেটে খাওয়া মানুষের সন্তানেরা যুদ্ধ করেছে নিঃস্বার্থভাবে। কেউ ভাবেনি, যুদ্ধ শেষে কী পাবে। এ কারণেই সেই যুদ্ধে বিজয় এসেছে।
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির চেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একটি গোষ্ঠী ইতিহাস ভুলিয়ে দিতে চায় এবং দেশকে ভিন্ন পথে নিতে চায়। বাংলাদেশ কোনো ধর্মভিত্তিক রাষ্ট্র গড়ার জন্য স্বাধীন হয়নি,যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, পাকিস্তান আমলে সাংস্কৃতিক, ভাষাগত ও অর্থনৈতিক বৈষম্যের কারণেই বাঙালিরা স্বাধীনতার পথে এগিয়ে যায়। আমাদের ভাষা, খাবার, সংস্কৃতি কোনোটাই এক ছিল না। তবুও আমরা চেষ্টা করেছিলাম একসঙ্গে থাকতে, কিন্তু তারা সেই সুযোগ দেয়নি।
আওয়ামী লীগের সমালোচনা করে টুকু বলেন, মুক্তিযুদ্ধ কোনো এক দলের সম্পত্তি নয়। এটি ছিল গণমানুষের যুদ্ধ। কিন্তু একটি দল দীর্ঘদিন ধরে এর মালিকানা দাবি করেছে।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর অবদানের কথা স্মরণ করে বলেন, ২৭ মার্চ তার ঘোষণাই হতাশাগ্রস্ত জাতিকে নতুন করে সাহস জুগিয়েছিল।
অনুষ্ঠানে তিনি মুক্তিযুদ্ধবিরোধী শক্তির উত্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, “আজ যখন দেখি মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন তোলা হয়, তখন ভীষণ কষ্ট লাগে।
জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু এবং বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল। স্বাধীনতা দিবসে এই বক্তব্যে আবারও উঠে এলো মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস এবং জাতীয় পরিচয়ের প্রশ্ন—যা আজও রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু।
রিপোর্টার্স২৪/ঝুম