রিপোর্টার্স২৪ ডেস্ক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে মানুষের ঢল। শ্রদ্ধার ফুলে ভরে উঠেছে শহীদ বেদী, আর আবেগে ভাসছে পুরো প্রাঙ্গণ জাতির বীর সন্তানদের স্মরণে এক অনন্য দৃশ্য।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দলে দলে স্মৃতিসৌধে আসতে থাকেন। হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সময় যত গড়িয়েছে, ততই ফুলে ফুলে ঢেকে গেছে পুরো বেদী।
সরেজমিনে দেখা যায়, ছোট-বড় সবার উপস্থিতিতে স্মৃতিসৌধ এলাকা পরিণত হয় এক মিলনমেলায়। দেশপ্রেম আর কৃতজ্ঞতার আবহে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।
মানিকগঞ্জ থেকে আসা স্কুল শিক্ষক রবিউল আলম বলেন, প্রতিবছরের মতো এবারও তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি, তাদের কাছে আমরা চিরঋণী,বলেন তিনি।
অন্যদিকে, কলেজ শিক্ষার্থী তানজিন আফরোজা বন্ধুদের সঙ্গে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, আমাদের শহীদদের জন্যই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাদের ত্যাগ কখনো ভোলার নয়।
এর আগে, ভোরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিউগলের করুণ সুর বেজে ওঠে এবং সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। কিছুক্ষণ নীরবতা পালন করে শহীদদের আত্মত্যাগ গভীরভাবে স্মরণ করা হয়।
স্বাধীনতার এই দিনে স্মৃতিসৌধে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আবারও প্রমাণ করে শহীদদের ত্যাগ জাতির হৃদয়ে চিরঅম্লান।
রিপোর্টার্স২৪/ঝুম