জাবি প্রতিনিধি: দৌলতদিয়া ফেরিঘাট-এ বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর অর্থনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আহনাফ তাহমিদ খান রাইয়ান ও তার ভাগ্নে এখনো নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় রাইয়ানের মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত বাসটিতে রাইয়ান, তার মা, বোন ও ভাগ্নে ছিলেন।
অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, রাইয়ানের মাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং তার বোনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে রাইয়ান ও তার ভাগ্নের এখনো কোনো সন্ধান মেলেনি।
এ ঘটনায় সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি।
এদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) জিএস মাজহারুল ইসলাম জানান, জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত দুই নারীর লাশ উদ্ধার করা হয়েছে এবং আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাইয়ান ও তার ভাগ্নে এখনো নিখোঁজ রয়েছেন বলে পরিবারের সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
রিপোর্টার্স২৪/বাবি