রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর জন্য সতর্ক করেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
বুধবার (২৪ মার্চ) সচিবালয়ে সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে জ্বালানির জন্য অতিরিক্ত কেনাকাটা না করার জন্য সবাইকে সচেতন থাকতে হবে। সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনও উপস্থিত ছিলেন।
ডা. জাহেদ বলেন, সরকার বর্তমানে উচ্চ মূল্যে তেল কিনলেও মূল্যস্ফীতি বাড়বে বলেই তেলের দাম বাড়াচ্ছে না। তাই জনগণকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হচ্ছে।
তিনি আরও জানান, কাতারের গ্যাস খাতে হামলার কারণে প্রায় ২০ শতাংশ ক্ষতি হয়েছে। এতে চুক্তি অনুযায়ী বাংলাদেশের এলএনজি সরবরাহ প্রভাবিত হতে পারে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, কোনো পাম্প মালিক অবৈধভাবে জ্বালানি মজুদ করছে কি না তা সরকারের তত্ত্বাবধানে রাখা হবে এবং নজরদারি বাড়ানো হবে।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন যোগ করেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে অন্যান্য দেশের মতো বাংলাদেশও চ্যালেঞ্জের মুখে রয়েছে, তবে বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই এবং তেলের মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।
রিপোর্টার্স২৪/ঝুম