রিপোর্টার্স২৪ ডেস্ক: এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী-কে মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, সোমবার গভীর রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে ডিবির একটি দল অভিযান চালিয়ে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে মোট ১১টি মামলার তথ্য পাওয়া গেছে।
ডিবি সূত্রে জানা যায়, ফেনী জেলায় তার বিরুদ্ধে তিনটি মামলা বিচারাধীন রয়েছে এবং এসব মামলায় তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। এছাড়া ফেনীতে আরও তিনটি মামলা এবং ঢাকায় পাঁচটি মামলা তদন্তাধীন রয়েছে সব মিলিয়ে ৮টি মামলা বর্তমানে তদন্ত পর্যায়ে রয়েছে।
এছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সিআইডিতেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান।
মো. শফিকুল ইসলাম আরও বলেন, ডিএমপির বনানী, পল্টন, কোতোয়ালী, মিরপুর ও হাতিরঝিল থানায় হত্যা, হত্যাচেষ্টা, মানবপাচার প্রতিরোধ আইন ও মানিলন্ডারিংসহ গুরুতর অপরাধে তার বিরুদ্ধে মামলা রয়েছে।
প্রাথমিকভাবে তাকে পল্টন থানার একটি মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, যেখানে তিনি তিন নম্বর এজাহারভুক্ত আসামি। এই মামলায় মোট ১০১ জন আসামি রয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম