রিপোর্টার্স২৪ ডেস্ক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে হঠাৎ বেড়ে যাওয়া চাহিদার কারণে সাময়িক সংকট তৈরি হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ঈদের ছুটির পর সচিবালয়ে আসার পর তিনি সাংবাদিকদের বলেন, “ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে সামান্য গ্যাপ তৈরি হয়েছে। চাহিদা বেড়ে গেছে, আমরা যেভাবে আগে তেল সরবরাহ করতাম, সেটি এখনও চলছে। কিন্তু চাহিদা বেড়ে যাওয়ায় সেখানে সামান্য সংকট তৈরি হওয়া স্বাভাবিক। এটি সাধারণ জ্ঞান।”
মন্ত্রী আরও বলেন, কারো গাড়ি কি তেলের অভাবে বন্ধ হয়ে গেছে? ঈদের ছুটিতে বাস চলাচলে কোনো সমস্যা হয়েছিল কি? না। তাই বর্তমানে কোনো তাত্ত্বিক অসুবিধা নেই। তবে মানুষকে বোঝাতে হবে—অকারণে তেল মজুত করার কোনো প্রয়োজন নেই।
তিনি বলেন, সংকট আমরা তৈরি করি নাই। আমরা তেল আমদানি করি। আন্তর্জাতিক বাজারে গোলমাল থাকার কারণে সবাইকে সাশ্রয়ী হতে হবে।
এছাড়া তেলের দাম বাড়ানোর বিষয়ে মন্ত্রী বলেন, এটি মন্ত্রণালয়ের কাজ নয়, বরং এনার্জি কমিশনের দায়িত্ব। আমরা এখনো কোনো দাম বৃদ্ধি করি নাই, জানান তিনি।
রিপোর্টার্স২৪/ঝুম