রিপোর্টার্স২৪ ডেস্ক: নাটকীয় অভিযানে রাজধানীর অভিজাত বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী।
সোমবার (২৩ মার্চ) দিবাগত গভীর রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
ডিবি প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, তার নেতৃত্বেই পরিচালিত এই অভিযানে বারিধারা ডিওএইচএস-এর ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে সাবেক এই এমপিকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ডিবি প্রধান জানিয়েছেন, তার বিরুদ্ধে পাঁচটির মতো মামলা রয়েছে, তবে তাৎক্ষণিকভাবে এসব মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব হয়নি।
একসময় দেশের গুরুত্বপূর্ণ সামরিক ও প্রশাসনিক দায়িত্বে থাকা মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন। ওই বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর গঠিত গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্বও পালন করেন তিনি।
পরবর্তীতে ২০০৮ সালের জুনে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০০৯ সালে সরকার পরিবর্তনের পরও তিনি ২০১১ সালের জুন পর্যন্ত সেই দায়িত্বে বহাল ছিলেন।
রাজনীতিতে সক্রিয় হয়ে ২০১৮ সালে জাতীয় পার্টিতে যোগ দেন তিনি এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে রাজনৈতিক অঙ্গনে তার অবস্থান নিয়ে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়, বিশেষ করে দল পরিবর্তন ও মনোনয়ন ঘিরে।
এই গ্রেপ্তারের ঘটনায় নতুন করে আলোচনায় এসেছেন সাবেক এই সেনা কর্মকর্তা ও রাজনীতিবিদ। সংশ্লিষ্ট মহলে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর অগ্রগতি নিয়েও তৈরি হয়েছে কৌতূহল।
রিপোর্টার্স২৪/ঝুম