রিপোর্টার্স২৪ডেস্ক: ঈদের দিন সড়ক দুর্ঘটনা এবং ভাসমান সেতু উল্টে ছয় জেলায় ১১ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে জামালপুরে চারজন, ময়মনসিংহে দুজন, চট্টগ্রামে দুজন, নড়াইল, চুয়াডাঙ্গা এবং গোপালগঞ্জে একজন করে রয়েছেন।
জামালপুর প্রতিনিধি জানিয়েছেন, দেওয়ানগঞ্জ উপজেলার ব্রহ্মপুত্র নদের ওপর ভাসমান সেতুতে মানুষের ভারে সেতুটি উল্টে ভাইবোনসহ চারজন পানিতে ডুবে মারা যান। নিহতরা হলেন খাদিজা (১২), আব্দুল মোতালেব (৬), মায়ামনি (১০) এবং আবির হোসেন (১৬)। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহ প্রতিনিধি জানিয়েছেন,তারাকান্দায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন মো. রুবেল মিয়া (২৬) ও রিদি আক্তার (৮)।
চট্টগ্রাম প্রতিনিধি জানিয়েছেন,পটিয়ায় যাত্রীবাহী বাস আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়; এতে এক অজ্ঞাতনামা যাত্রী নিহত হন এবং অন্তত ১৮ জন আহত হন। এছাড়া মীরসরাইয়ে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যবসায়ী নিহত হন।
নড়াইল প্রতিনিধি জানিয়েছেন,মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাব্বী মোল্যা (২০) মারা যান, আরেকজন গুরুতর আহত।চুয়াডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন,মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সুরুজ আলী (১৯) নিহত হয়েছেন; আহত হয়েছেন হৃদয় হোসেন (১৮)।
গোপালগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন,ফরিদপুরের কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে বিদ্যুৎকর্মী শরিফুল ইসলাম (৩০) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।
স্থানীয় পুলিশ এবং ফায়ার সার্ভিসের তৎপরতায় আহতদের উদ্ধার ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাগুলোতে যানবাহন ও সেতুর ক্ষয়ক্ষতির বিষয়েও কাজ চলছে।
রিপোর্টার্স২৪/এসসি