সিনিয়র রিপোর্টার: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর সঙ্গে বাংলাদেশ ২০২৬–২০৩২ মেয়াদের জন্য পঞ্চম কান্ট্রি প্রোগ্রাম ফ্রেমওয়ার্ক (সিপিএফ) স্বাক্ষর করেছে। গত ১৮ মার্চ অস্ট্রিয়ার ভিয়েনা শহরে এ চুক্তি স্বাক্ষরিত হয়।শনিবার (২১ মার্চ) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের পক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং আইএইএ’র পক্ষে সংস্থাটির উপ-মহাপরিচালক ও কারিগরি সহযোগিতা বিভাগের প্রধান হুয়া লিউ ফ্রেমওয়ার্কে স্বাক্ষর করেন।
কান্ট্রি প্রোগ্রাম ফ্রেমওয়ার্ক (সিপিএফ) হলো একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স কাঠামো, যার মাধ্যমে কোনো সদস্য রাষ্ট্র ও আইএইএ’র মধ্যে মধ্যমেয়াদি কারিগরি সহযোগিতার অগ্রাধিকার নির্ধারণ করা হয়। এর আওতায় বিভিন্ন খাতে পারমাণবিক প্রযুক্তি ও কারিগরি সহায়তা প্রদানের মাধ্যমে জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথ সুগম করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ ১৯৭২ সাল থেকে আইএইএ’র সদস্য রাষ্ট্র। নবস্বাক্ষরিত ২০২৬–২০৩২ মেয়াদের সিপিএফে সাতটি অগ্রাধিকার খাত নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো— পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তা, পারমাণবিক সুরক্ষা, জ্বালানি, খাদ্য ও কৃষি, মানব স্বাস্থ্য, পানি ও পরিবেশ, পারমাণবিক জ্ঞান উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং শিল্পক্ষেত্রে বিকিরণ প্রযুক্তির ব্যবহার।
সরকার মনে করছে, এ সিপিএফ বাস্তবায়নের মাধ্যমে দেশে পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার আরও বিস্তৃত হবে এবং বিভিন্ন উন্নয়ন খাতে টেকসই অগ্রগতি অর্জন সম্ভব হবে।
রিপোর্টার্স২৪/এসসি