| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: মার্চ ২১, ২০২৬ ইং | ০৮:৪৫:৩২:পূর্বাহ্ন  |  ৪২১১২৪ বার পঠিত
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: এক মাসের সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগির পর যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় এই জামাত অনুষ্ঠিত হয়।

বায়তুল মোকাররমের প্রথম জামাতে ইমামতির দায়িত্ব পালন করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। নামাজের আগে তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশে নসীহতপূর্ণ বয়ান পেশ করেন। সরেজমিনে দেখা গেছে, ভোরের আলো ফুটতেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা জাতীয় মসজিদে সমবেত হতে শুরু করেন। প্রথম জামাতে কয়েক হাজার মুসল্লি অংশ নেন। নামাজ শেষে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

এরপর দ্বিতীয় জামাত সকাল ৮টায় পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভীর ইমামমিতে অনুষ্ঠিত হয়।

পরবর্তী জামাতগুলোর সূচি

ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে আরও চারটি জামাত অনুষ্ঠিত হবে। জামাতগুলোর সময়সূচি ও ইমামগণের তালিকা নিচে দেওয়া হলো:

তৃতীয় জামাত (সকাল ৯টা): ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন।

চতুর্থ জামাত (সকাল ১০টা): ইমামতি করবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী।

পঞ্চম ও সর্বশেষ জামাত (সকাল ১০:৪৫ মিনিট): ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।

বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত রাখা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলামকে।


জাতীয় ঈদগাহে প্রধান জামাত

এদিকে, পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। এই জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। তার অনুপস্থিতিতে বিকল্প ইমাম হিসেবে ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী প্রস্তুত থাকবেন।

জাতীয় ঈদগাহের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর সঙ্গে ঈদুল ফিতরের নামাজে শরিক হন। এছাড়া বিচারপতিগণ, মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকরা এই জামাতে অংশগ্রহণ করবেন বলে নিশ্চিত করা হয়েছে।

পুরো এলাকা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং উৎসবের আমেজে মুসল্লিরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪