স্টাফ রিপোর্টার: রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রাকিবুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, রাকিবুল হত্যা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনো গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।এ বিষয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
গত রোববার (১৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সিঁড়িতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় দুর্বৃত্তরা রাকিবুলকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা।
ঘটনাস্থলে উপস্থিত লোকজন হামলাকারীদের একজনকে চাপাতিসহ আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেন। এ ঘটনায় রাকিবুলের পরিবার মামলা দায়ের করেছে।
নিহত রাকিবুল ইসলামের বাড়ি ভোলা সদর উপজেলায়। তার বাবা তারিকুল ইসলাম খোকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের কর্মচারী। রাকিবুল রাজধানীর বোরহানুদ্দীন পোস্টগ্র্যাজুয়েট কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
রিপোর্টার্স২৪/এসসি