কূটনৈতিক প্রতিবেদক: সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মো. মোশাররফ হোসেনের মরদেহ আগামী শুক্রবার (২০ মার্চ) দেশে আনা হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ সকাল পৌনে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছানোর কথা রয়েছে।
গত ৮ মার্চ রিয়াদ-এর পাশ্ববর্তী আল-খারজ এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হন। নিহতরা হলেন,কিশোরগঞ্জের বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের মোশাররফ হোসেন।
দূতাবাস সূত্রে জানা গেছে, নিহত বাচ্চু মিয়ার মরদেহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তা শনাক্ত ও দেশে পাঠানো জটিল হয়ে পড়েছে।হামলায় আহত হয়েছেন আরও ১০ বাংলাদেশি। তাদের মধ্যে আবদুল্লাহ আল মামুনের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের প্রায় ৭২ শতাংশ পুড়ে গেছে এবং বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
উল্লেখ্য, আল-খারজ এলাকায় প্রিন্স সুলতান বিমান ঘাঁটির কাছে একটি ক্লিনিং ও মেইন্টেন্যান্স কোম্পানির আবাসিক ভবনে বসবাস করতেন এসব প্রবাসী শ্রমিক। ইফতারের প্রস্তুতির সময় ওই স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত হানলে হতাহতের ঘটনা ঘটে।
রিপোর্টার্স২৪/এসসি