রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের অর্থনীতি ও মোট দেশজ উৎপাদন (জিডিপি) হিসাবের ক্ষেত্রে নারীদের গৃহস্থালি কাজের মূল্যায়ন করা হয় না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নারীদের ঘরের কাজের অবদান যদি আর্থিক মূল্য ধরে হিসাব করা হতো, তাহলে বাংলাদেশের জিডিপি বর্তমানের তুলনায় প্রায় তিনগুণ বেশি হতো।
সোমবার (১৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবন-এর অডিটোরিয়ামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, দেশের অর্থনীতিতে নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও গৃহস্থালি কাজের আর্থিক মূল্য নির্ধারণ করা হয় না। অথচ পরিবারের ভেতরে নারীদের শ্রম ও সময়ের মূল্য বিশাল, যা অর্থনৈতিক পরিসংখ্যানে প্রতিফলিত হলে দেশের জিডিপি অনেক বেশি দেখাত।
নির্বাচন-পরবর্তী অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, সদ্য সমাপ্ত নির্বাচনে নারী কর্মকর্তাদের কাজ ছিল অত্যন্ত প্রশংসনীয়। ভোট শেষে বিভিন্ন অনিয়মের অভিযোগ এলেও তদন্ত করে দেখা গেছে, অভিযুক্তদের সবাই পুরুষ প্রিজাইডিং অফিসার। এখন পর্যন্ত কোনো নারী প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্ব বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, ভালো কাজের স্বীকৃতি দিতে ভবিষ্যতে নারী নির্বাচন কর্মকর্তাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।
নারীদের ভোটার তালিকাভুক্ত করার ক্ষেত্রে বড় অগ্রগতির কথাও উল্লেখ করেন সিইসি। তিনি জানান, আগে নারী ও পুরুষ ভোটারের মধ্যে প্রায় ৩০ লাখের ব্যবধান ছিল। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার ফলে সেই ব্যবধান এখন কমে প্রায় ১০ লাখে নেমে এসেছে।
নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, অনেক জায়গায় রাত ১০টা-১১টা পর্যন্ত নারীরা লাইনে দাঁড়িয়ে ভোটার নিবন্ধন করেছেন, যা অত্যন্ত উৎসাহব্যঞ্জক এবং আগে কল্পনাও করা যেত না।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একটি নির্বাচন ভালোভাবে সম্পন্ন হলে ভোট শেষে কিছু রাজনৈতিক আপত্তি ওঠা আমাদের দেশের একটি সাধারণ সংস্কৃতি। তবে মাঠ পর্যায়ে কোনো ভোটার ভোট দিতে পারেননি এমন অভিযোগ তিনি এখন পর্যন্ত শোনেননি বলেও জানান।
দেশের অর্থনীতিতে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে সিইসি বলেন, রেমিট্যান্স ও তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন খাতে নারীদের অবদান বিশাল। তাই দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে নারীদের অবদানকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই।
রিপোর্টার্স২৪/ ঝুম