| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদের ছুটিতে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নতুন নির্দেশনা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৬, ২০২৬ ইং | ১৪:২৬:৪১:অপরাহ্ন  |  ৪৯৯০৭১ বার পঠিত
ঈদের ছুটিতে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নতুন নির্দেশনা

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংক ঈদুল ফিতরের ছুটির মধ্যেও (ঈদের দিন ব্যতীত) সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে। সোমবার (১৬ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এই নির্দেশনা জারি করে। পরে তা কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে প্রেরণ করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম সচল রাখতে ঈদের দিন ব্যতীত ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত (সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও) সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ সীমিত পরিসরে খোলা থাকবে।

এ ছাড়া ১৮ ও ১৯ মার্চ শিল্প এলাকায় বিশেষ শাখাগুলো সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে গ্রাহকদের সঙ্গে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। সাভার, গাজীপুর, টঙ্গী, আশুলিয়া, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাকশিল্পঘন এলাকা এই সুবিধার আওতায় থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ১৭ মার্চ এবং ২০ থেকে ২৩ মার্চ পর্যন্ত গ্রাহকদের সঙ্গে লেনদেনের সময় ব্যাংকগুলো নিজ নিজভাবে নির্ধারণ করবে। তবে ২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতরের দিন সব ব্যাংক বন্ধ থাকবে।


রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪