| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা, হাতে কাপড় নিয়ে শোরুম ত্যাগ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৫, ২০২৬ ইং | ১৬:৫৩:৫৭:অপরাহ্ন  |  ৫১৩৫১০ বার পঠিত
আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা, হাতে কাপড় নিয়ে শোরুম ত্যাগ
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ডেস্ক: রাজধানীর উত্তরায় জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড আড়ংয়ের শোরুম থেকে কেনাকাটা করে শপিং ব্যাগ না পেয়ে ক্ষোভ প্রকাশ করে কাপড় হাতে নিয়েই বের হয়ে যান ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা।

শনিবার (১৪ মার্চ) রাতে রাজধানীর উত্তরা জসিমউদ্দিন রোডে অবস্থিত আড়ংয়ের শোরুমে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

ছবিতে দেখা যায়, রুমিন ফারহানা হাতে কয়েকটি কাপড় নিয়ে শোরুম থেকে বের হচ্ছেন। এ প্রসঙ্গে তার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যা অল্প সময়েই ভাইরাল হয়ে যায়।

স্ট্যাটাসে তিনি লেখেন, আড়ং থেকে কেনাকাটা করতে গিয়ে এর আগেও এমন অভিজ্ঞতা হয়েছে, তবে এবার একটি অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। একজন সংসদ সদস্যকে অন্তত ন্যূনতম সম্মান দেখানো উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও লেখেন, গ্রাহকরা টাকা দিয়ে পণ্য কিনবেন, কিন্তু সেই পণ্য বহনের জন্য একটি সাধারণ শপিং ব্যাগও পাবেন না এটা গ্রহণযোগ্য নয়। পরিবেশ রক্ষার কথা বলে যদি শপিং ব্যাগ বন্ধ করা হয়, তাহলে বিকল্প ব্যবস্থাও থাকা উচিত। গ্রাহকের সুবিধার চেয়ে নিয়ম চাপিয়ে দেওয়ার প্রবণতা একটি প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক নয় বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, ইফতারের পর তিনি মায়ের জন্য কাপড় কিনতে উত্তরার জসিমউদ্দিন রোডের আড়ং শোরুমে যান। সেখানে চারটি ম্যাক্সি কেনার পর বিল করা হয় প্রায় সাড়ে চার হাজার টাকা। কিন্তু কাউন্টার থেকে কোনো ব্যাগ ছাড়াই কাপড় দেওয়া হয়।

তিনি বলেন, শোরুম কর্তৃপক্ষ জানায়, শপিং ব্যাগ নিতে হলে অতিরিক্ত ৪০ টাকা দিতে হবে। তখন আমি প্রশ্ন করি কাপড় কেনার পর আবার ব্যাগের জন্য আলাদা টাকা কেন দিতে হবে? বিষয়টি আমার কাছে অদ্ভুত লেগেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আমি কাপড় হাতে নিয়েই শোরুম থেকে বের হয়ে আসি।

রুমিন ফারহানা আরও বলেন, আমি মূলত মায়ের জন্যই আড়ংয়ে গিয়েছিলাম। কারণ মায়ের ব্যবহৃত ম্যাক্সির মাপ আড়ংয়ের সঙ্গে মিলে যায়, অন্য দোকানে সহজে পাওয়া যায় না। তা না হলে আমি নিজে সাধারণত আড়ং থেকে কাপড় কিনি না।

এ বিষয়ে জানতে উত্তরার জসিমউদ্দিন রোডের আড়ং শোরুমের টিএনটি নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪