| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ভাবনা: শিক্ষামন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৫, ২০২৬ ইং | ০৩:২৪:৩০:পূর্বাহ্ন  |  ৪৭২৯৫২ বার পঠিত
সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ভাবনা: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার: ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রের পরিবর্তে সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, দেশের সব শিক্ষার্থীর জন্য একই মানদণ্ডের প্রশ্নপত্র থাকা উচিত এবং আগামী বছর থেকেই এ পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ভাবা হচ্ছে।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে এডুকেশন রিপোর্টারস অব বাংলাদেশ (ইরাব)-এর সদস্যদের সঙ্গে ইফতার-পরবর্তী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বজুড়ে অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হয়। তাই বাংলাদেশের শিক্ষার্থীদের জন্যও একক মানের প্রশ্নপত্র প্রণয়ন সম্ভব বলে তিনি মনে করেন।

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করাকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, অতীতের মতো এবারও কঠোর নজরদারির মাধ্যমে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রশ্নফাঁসের অপচেষ্টা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি নিজেও মাঠপর্যায়ে গিয়ে পরীক্ষার নিরাপত্তা তদারকি করবেন বলে জানান।

মন্ত্রণালয়ের কাজকে নিজের ‘ইবাদতখানা’ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, আগামী ১৮০ দিনের কর্মসূচির মাধ্যমে এমন একটি ভিত্তি গড়ে তুলতে চান, যার প্রভাব দীর্ঘমেয়াদে থাকবে। তার লক্ষ্য ধীরস্থিরভাবে কাজ করে শিক্ষাব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করা।

শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার বাধ্যবাধকতা নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, গত ১৫–১৭ বছরে রাজনৈতিক কারণে বঞ্চিত শিক্ষকদের সুযোগ দিতেই এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়েছে। পাশাপাশি ২০২৭ সালের নতুন শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক পরিমার্জনকে তিনি মন্ত্রণালয়ের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাজের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, গতানুগতিক মানসিকতা থেকে বেরিয়ে এসে দ্রুত ও দক্ষতার সঙ্গে কাজ করতে হবে। ব্যক্তিগত স্বার্থ নয়, বরং দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নই হওয়া উচিত সবার লক্ষ্য।

সভায় ইরাব সভাপতি ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক সোলাইমান সালমান, সহ-সভাপতি শাহেদ মতিউর রহমান, যুগ্ম সম্পাদক আসিফ হাসান কাজল, অর্থ সম্পাদক নাজিউর রহমান সোহেলসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪