রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরে ফেরা মানুষের কর্মস্থলে ফেরার প্রস্তুতি শুরু হয়েছে। এর অংশ হিসেবে ফিরতি ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন শনিবার (১৪ মার্চ)। আজ সকাল ৮টা থেকে বিক্রি করা হচ্ছে আগামী ২৪ মার্চের ট্রেনের আসনের টিকিট।
এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে রেলওয়ে কর্তৃপক্ষ। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে অনলাইনে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
রেলওয়ের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৩ মার্চের ট্রেনের টিকিট বিক্রি হয়েছে ১৩ মার্চ। এ ছাড়া ২৫ মার্চের টিকিট বিক্রি হবে ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯ মার্চ।
তবে ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের ট্রেনের টিকিট বিক্রির সময় নির্ধারণ করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাত্রার টিকিট ট্রেন ছাড়ার আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী একবারই কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন সংগ্রহের সুযোগ থাকবে।
তবে একবার কেনা টিকিট ফেরত (রিফান্ড) করা যাবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রিপোর্টার্স২৪/ঝুম