| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদির হত্যাকারীদের ফেরত দেওয়ার প্রশ্নে যা বলল ভারত

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ২০:০৫:০৬:অপরাহ্ন  |  ৫২০২৮৬ বার পঠিত
হাদির হত্যাকারীদের ফেরত দেওয়ার প্রশ্নে যা বলল ভারত
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ডেস্ক: শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে সন্দেহভাজন দুই ব্যক্তিকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হয়নি ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর চলমান তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট।

বৃহস্পতিবার (১২ মার্চ) সাপ্তাহিক ব্রিফিংয়ে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পশ্চিমবঙ্গ পুলিশ ইতোমধ্যে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেহেতু এটি আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তাধীন বিষয়, তাই এ মুহূর্তে এ বিষয়ে মন্তব্য করা সমীচীন নয়।

এর আগে গত ৮ মার্চ এক বিবৃতিতে পশ্চিমবঙ্গ পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স জানায়, চাঁদাবাজি ও হত্যার মতো গুরুতর অপরাধে অভিযুক্ত দুই বাংলাদেশি পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং সীমান্তবর্তী এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে,এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

বিবৃতিতে বলা হয়, শনিবার গভীর রাতে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭), যিনি পটুয়াখালীর বাসিন্দা এবং আলমগীর হোসেন (৩৪), যার বাড়ি ঢাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন মিলে ওসমান হাদিকে হত্যা করে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে প্রবেশ করেন। তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢুকে বিভিন্ন স্থানে অবস্থান করার পর পুনরায় বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে বনগাঁ এলাকায় আসে।

এ ঘটনায় গ্রেপ্তার দুইজনকে আদালত ১৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে। এদিকে তাদের দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪