নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুর ও খালিয়াজুরী উপজেলায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুর ও বিকেলে পৃথক ঘটনায় তাদের মৃত্যু ঘটে।
দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামে আকাশ মিয়া (২৫) নামে একজন যুবক বজ্রপাতে মারা যান। তিনি এলাকার মজিবুর রহমানের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি ছিলেন। দুর্ঘটনার সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। স্থানীয়রা তাকে ধানক্ষেতের পাশে পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম রায়হান জানিয়েছেন, আকাশ মিয়ার শরীরে বজ্রপাতে মৃত্যুর লক্ষণ পাওয়া গেছে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেছেন।
অন্যদিকে খালিয়াজুরী উপজেলার পাঙ্গাসিয়া হাওরে এক কৃষক বজ্রপাতে গুরুতর আহত হন। তিনি উপজেলা চাকুয়া ইউনিয়নের নলসিটি হাওর থেকে গরুকে ঘাস খাওয়ানোর পর বাড়ি ফেরার পথে চাকুয়া গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে সুদিন সরকার (৪৩) বজ্রপাতে আহত হন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম বজ্রপাতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের সতর্কবার্তা: বৈরী আবহাওয়ার সময় বাইরে কাজ বা হাওরে যাওয়া থেকে বিরত থাকার জন্য স্থানীয় প্রশাসন ও পুলিশ জনগণকে সতর্ক করেছেন।
রিপোর্টার্স২৪/এসসি