অভয়নগর (যশোর): যশোরের অভয়নগরে শাশুড়ির ওপর অভিমান করে গত মঙ্গলবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে নৌকা থেকে ভাটপাড়া খেয়া ঘাট এলাকার ভৈরব নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছিলেন গৃহবধূ সাবিনা বেগম (২৫)।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তালতলা খেয়াঘাটসংলগ্ন ভৈরব নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সাবিনা বেগম উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাঁধন বিশ্বাসের স্ত্রী।
জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে খুলনা থেকে ফেরার পথে সাবিনা বেগমের মোবাইল ফোন হারিয়ে যায়। বিকালে অভয়নগরের ভাটপাড়া খেয়াঘাটে নৌকায় ওঠার পর মোবাইল হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে তার শাশুড়ির সঙ্গে কথা কাটাকাটি হলে অভিমান করে তিনি মাঝনদীতে ঝাঁপ দেন। এরপর অনেক খোঁজাখুঁজি করে তখন তার সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তালতলা খেয়াঘাট সংলগ্ন ভৈরব নদীতে এক নারীর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসীরা পুলিশে খবর দিলে পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্ধার করে।
নওয়াপাড়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রনজিত কুমার সেন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ভৈরব নদীতে নিখোঁজ হওয়া সাবিনা বেগম নামে এক গৃবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে । আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু