| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংসদ যেন চরিত্র হননের মঞ্চ না হয়: শফিকুর রহমান

reporter
  • আপডেট টাইম: মার্চ ১২, ২০২৬ ইং | ১৭:২৭:২১:অপরাহ্ন  |  ৫৬০৮৭৩ বার পঠিত
সংসদ যেন চরিত্র হননের মঞ্চ না হয়: শফিকুর রহমান
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ডেস্ক: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদ যেন কোনও ব্যক্তির চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়। অতীতে সংসদে জনস্বার্থের আলোচনা অপেক্ষা ব্যক্তিগত আক্রমণ ও চরিত্র হননের ঘটনা বেশি ঘটেছে। তিনি আশা প্রকাশ করেছেন, নতুন এই সংসদ জনগণের কল্যাণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার কার্যকর মঞ্চ হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারের ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে শফিকুর রহমান এসব মন্তব্য করেন। স্পিকারের সভাপতিত্বে অধিবেশনে তিনি বলেন, বর্তমান সংসদ কোনও গতানুগতিক সংসদ নয় এটি দাঁড়িয়ে আছে ২০২৪ সালের জুলাই আন্দোলন ও বিপ্লবের রক্তের ওপর। গত সাড়ে ১৫ বছরে যারা নির্যাতিত হয়েছেন এবং জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের ত্যাগের বিনিময়েই আজ এই সংসদে কথা বলার সুযোগ সৃষ্টি হয়েছে।

নিজের নির্বাচনি এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তিনি ১৯৪৭, ১৯৫২, ১৯৭১, ১৯৭৫ ও ১৯৯০ সালের বিভিন্ন গণআন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বিশেষ করে গত ১৫ বছরে যারা গুম, নির্যাতন ও অবিচারের শিকার হয়েছেন এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শফিকুর রহমান বলেন, স্বাধীনতার ৫৫ বছরে সংসদীয় গণতন্ত্র খুব অল্প সময়ের জন্য কার্যকর ছিল। অধিকাংশ সময় দেশে ফ্যাসিবাদী শাসনের প্রভাব থাকায় সংসদ কার্যত ‘ডামি’ বা অকার্যকর প্রতিষ্ঠান হয়ে গিয়েছিল। অতীতে যারা স্পিকারের দায়িত্বে ছিলেন, তারা গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রশ্নে যথাযথ ভূমিকা রাখতে পারেননি।

বর্তমান স্পিকারের দলীয় পদ ত্যাগ করে দায়িত্ব গ্রহণের প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন, সংসদে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে কোনও ভেদাভেদ থাকবে না এবং সংসদের কার্যক্রম ন্যায়বিচার ও ইনসাফের সঙ্গে পরিচালিত হবে।

ডা. শফিকুর রহমান বলেন, সংসদের প্রধান কাজ হওয়া উচিত জনগণের কল্যাণ, রাষ্ট্রের উন্নয়ন ও নীতিনির্ধারণমূলক আলোচনা। অতীতে দেখা গেছে, সংসদে নীতিগত আলোচনার চেয়ে ব্যক্তিগত আক্রমণ ও অপমানের ঘটনা বেশি ঘটেছে। তাই তিনি স্পিকারের প্রতি অনুরোধ জানান, সংসদ যেন কখনও ব্যক্তিগত আক্রমণ বা চরিত্র হননের মঞ্চে পরিণত না হয়।

২০২৪ সালের জুলাই আন্দোলনের স্লোগান ‘উই ওয়ান্ট জাস্টিস’-এর কথা উল্লেখ করে তিনি বলেন, সংসদ দেশের তিনটি অঙ্গের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংসদ সঠিকভাবে চললে নির্বাহী ও বিচার বিভাগও সঠিকভাবে কাজ করবে। সংসদের মাধ্যমে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনের নানা অসংগতি ও দুর্নীতি দূর হবে এটাই দেশের প্রায় ১৮ কোটি মানুষের প্রত্যাশা।

সবশেষে তিনি স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানান এবং সংসদের সকল গঠনমূলক কার্যক্রমে বিরোধী দলের পক্ষ থেকে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪