| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে ভবনে অগ্নিকাণ্ড, দগ্ধ ৩

reporter
  • আপডেট টাইম: মার্চ ১২, ২০২৬ ইং | ০৬:৩৩:৪৮:পূর্বাহ্ন  |  ৫৬১২৬৬ বার পঠিত
শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে ভবনে অগ্নিকাণ্ড, দগ্ধ ৩

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের পর একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১১ মার্চ) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার ‘শহীদ সুপার ভিউ’ নামের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। এতে ভবনের ভেতরে থাকা তিনজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে মাওনা চৌরাস্তা এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমার বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পরপরই পাশের ‘শহীদ সুপার ভিউ’ ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে আগুন ধরে যায়। অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুন লাগার সময় কক্ষে থাকা তিনজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় আল হেরা হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪