| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কটিয়াদীতে রাতের আঁধারে বালু ভরাট করে দোকান নির্মাণ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১১, ২০২৬ ইং | ১৯:৫৮:০৪:অপরাহ্ন  |  ৫৬২৯৬৫ বার পঠিত
কটিয়াদীতে রাতের আঁধারে বালু ভরাট করে দোকান নির্মাণ

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী পৌর এলাকায় পৈত্রিক সম্পত্তি দখলকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বৈধ মালিকানাধীন জমিতে রাতের আঁধারে বালু ভরাট করে জোরপূর্বক দোকান নির্মাণ, সীমানা পিলার উপড়ে ফেলা ও স্থাপনা ভাঙচুরের মাধ্যমে জমি দখল করা হয়েছে। শুধু তাই নয়, ওই জমি দখলের সময় পাশের টেলিফোন ভবনের সরকারি সম্পত্তির একটি অংশও দখল করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে কটিয়াদী টেলিফোন ভবনের সামনে গিয়ে দেখা যায়, সেখানে নতুন করে একটি দোকানঘর নির্মাণ করা হয়েছে। দোকানঘরের সামনে মোহাম্মদ কবির মোল্লার নামে একটি সাইনবোর্ড ঝুলতে দেখা যায়, যা দখল নিয়ে চলমান বিরোধকে আরও স্পষ্ট করে তুলেছে।

জানা যায়, কটিয়াদী উপজেলার ভোগপাড়া গ্রামের মৃত আব্দুল হাফিজের ছেলে চাঁন মিয়া কটিয়াদী মৌজার আর.এস. দাগ নম্বর ৫১৩-এর ৩ শতাংশ জমি তিনি ও তার ভাইদের পৈত্রিক ওয়ারিশ সূত্রে মালিকানা লাভ করেন। দীর্ঘদিন ধরে তারা জমিটি ভোগদখল করে আসছেন। জমিটি তাদের পিতার নামে সাফকাওলা দলিল ও আর.এস. রেকর্ডে অন্তর্ভুক্ত রয়েছে এবং পরবর্তীতে তাদের নামে নামজারি সম্পন্ন করা হয়েছে। নিয়মিত সরকারি খাজনাও পরিশোধ করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

ভুক্তভোগী চাঁন মিয়া অভিযোগ করেন, তার বৈধ মালিকানাধীন জমিতে জোরপূর্বক প্রবেশ করে ঘর ভাঙচুর, সাইনবোর্ড নষ্ট এবং সীমানা পিলার উপড়ে ফেলে একটি প্রভাবশালী মহল। পরে রাতের আঁধারে বালু ভরাট করে জমি দখল নেওয়া হয়। তিনি আরও অভিযোগ করেন, জমি দখলের সময় সরকারি প্রতিষ্ঠান বিটিসিএলের টেলিফোন ভবনের কিছু জায়গাও দখল করা হয়েছে। প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চেয়েছেন।

মৌলিক অভিযুক্ত কবির মোল্লা প্রবাসে থাকায় তার ম্যানেজার হানিফ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “কাগজপত্র ঠিক আছে। কাগজপত্র না থাকলে কি আমার মালিক দোকান নির্মাণ করতেন?” তবে রাতের আঁধারে অস্ত্রধারী লোকজন নিয়ে দোকান নির্মাণের অভিযোগের বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

এদিকে বিটিসিএলের কর্মকর্তারা জানান, সরকারি জমি দখলের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে উচ্ছেদের জন্য লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। কটিয়াদী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, “প্রাণনাশের আশঙ্কা নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা তদন্ত করা হচ্ছে।”

রিপোর্টার্স২৪/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪