নড়াইল প্রতিনিধি: নড়াইলে নাঈম হাসান (২৫) নামে এক বাকপ্রতিবন্ধী যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নাঈমের বাবা মোহাম্মদ আতাউর রহমান নড়াইল সদর থানায় গত ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর জিডি নং–৯৪৩।
জিডির বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার এসআই নয়ন বিশ্বাস।
পরিবার সূত্রে জানা যায়, নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকার বাসিন্দা মো. আতাউর রহমানের ছেলে নাঈম হাসান গত ১৯ ডিসেম্বর শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে নিজ বাসা থেকে বের হয়ে যান। তিনি সাধারণত দুপুরের মধ্যে বাসায় ফিরে এলেও সেদিন আর ফিরে আসেননি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
এদিকে মাছিমদিয়া গ্রামের বাসিন্দা জসীম মোল্যা নামের এক ব্যক্তি জানান, সেদিন বিকেল প্রায় ৫টার দিকে মাছিমদিয়া গ্রামে নাঈম হাসানের সঙ্গে তার দেখা হয়েছিল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ নাঈম হাসানের গায়ের রং শ্যামলা এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি। তিনি বাকপ্রতিবন্ধী। নিখোঁজ ব্যক্তির সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করা বা মোবাইল নম্বর ০১৭১০১১৫৯৮২-এ জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন