দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলার রামনগর, মাতুভূঞা ও রাজাপুর ইউনিয়নে ফসলি জমির মাটি কাটায় ৩টি ট্রাক জব্দ ও ২টি এস্কেভেটর অকেজো করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ মার্চ) দিবাগত রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, ফসলি জমির মাটি খননযন্ত্র দিয়ে কেটে বিক্রি করার সংবাদ পেয়ে মাঝ রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম। উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সাথে জড়িতরা পালিয়ে যায়। এসময় ৩টি ট্রাক জব্দ করা হয় এবং ২টি এস্কেভেটর অকেজো করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম জানান, উপজেলার রামনগর, মাতুভূঞা ও রাজাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে রাতের আঁধারে ফসলি জমির উপরি-স্তর কর্তনের সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাটি কাটার সাথে জড়িতদের পাওয়া যায়নি। এসময় ৩টি ট্রাক জব্দ করা হয়েছে এবং ২টি এস্কেভেটর অকেজো করে দেয়া হয়েছে।
তিনি আরো জানান, জনস্বার্থে এধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। অভিযানে আনসার সদস্যরা সহায়তা করে।
রিপোর্টার্স২৪/মিতু