রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি। একই সময়ে অস্বাস্থ্যকর বায়ুর কারণে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বায়ুমান সূচকে (AQI) দিল্লির স্কোর ছিল ২১৩। অন্যদিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্সের স্কোর ছিল ১৯৯, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যেখানে বায়ুমান সূচকের স্কোর ১৯৭। এরপর চতুর্থ অবস্থানে রয়েছে নেপালের কাঠমুন্ডু, যার স্কোর ১৮৮। পঞ্চম স্থানে থাকা সেনেগালের ডাকার শহরের স্কোর ছিল ১৮১।
বিশ্বের বিভিন্ন শহরের বায়ুর মান তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ ও প্রকাশ করে আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে সেটিকে ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে বায়ুর মান মাঝারি বা সহনীয় হিসেবে বিবেচিত হয়।
এছাড়া ১০১ থেকে ১৫০ স্কোর হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। সূচক ২০১ থেকে ৩০০ হলে সেটি ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে ঢাকাসহ দক্ষিণ এশিয়ার বড় শহরগুলোতে বায়ুদূষণের মাত্রা উদ্বেগজনক অবস্থায় রয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।
রিপোর্টার্স২৪/ঝুম