লক্ষ্মীপুর প্রতিনিধি: পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, তারেক রহমান নিজেকে শুধু বিএনপির প্রধানমন্ত্রী হিসেবে নয়, বরং পুরো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই তারেক রহমানের বক্তব্য ও কর্মকাণ্ডে দেশ পরিচালনার সক্ষমতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
মঙ্গলবার (১০ মার্চ) রাতে লক্ষ্মীপুরে সনাতনী সম্প্রদায়ের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, অতীতের প্রধানমন্ত্রীদের তুলনায় তারেক রহমান কিছুটা ভিন্ন ধরণের নেতৃত্বের পরিচয় দিচ্ছেন। শপথ নেওয়ার অল্প সময়ের মধ্যেই তার বক্তব্য জনগণের বিবেককে নাড়া দিয়েছে। তিনি তার ভাষণে বলেছেন—‘আমি বিএনপির প্রধানমন্ত্রী নই, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী।’
পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, সরকারের চালু করা ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়; এটি দেশের সব মানুষের জন্য। প্রতিটি পরিবারের গৃহিণীর নামে এ কার্ড করা হবে। তিনি জানান, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবেই প্রধানমন্ত্রী তারেক রহমান পরীক্ষামূলকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেছেন এবং ধীরে ধীরে তা বিস্তৃত করা হবে।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, নিজেদের ছোট মনে করার কোনো সুযোগ নেই। বিএনপির রাজনীতি সব ধর্মের মানুষের প্রতি সমান সম্মান প্রদর্শনের নীতিতে বিশ্বাসী। সবাইকে সঙ্গে নিয়েই বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি পরিচালিত হয়।
লক্ষ্মীপুর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু শঙ্কর মজুমদারের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
রিপোর্টার্স২৪/বাবি