নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সমাজতান্ত্রিক ক্ষেত মজুর ও কৃষক ফ্রন্টের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নওগাঁ শহরের চকদেব কলেজপাড়ায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি সভায় মঙ্গল কিসকুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ক্ষেত মজুর ও কৃষক ফ্রন্টের সহ-সভাপতি কমরেড ওয়াজেদ পারভেজ, জয়নাল আবেদীন মুকুল ও সাধারণ সম্পাদক কমরেড আব্দুল কুদ্দুস।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রবিউল টুডু, স্বপন মণ্ডল, জোৎস্না পাহান, ফারুক হোসেন, নীলিমা কর্মকার, অমল মহন্ত, ভদলু লাকড়া প্রমুখ।
বক্তারা বলেন, সার, বীজ ও কীটনাশকসহ কৃষি উপকরণের দাম বেশি, কিন্তু বিক্রি করতে গেলে দাম কম। আলু চাষিরা আলুর দাম না পেয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। অপরদিকে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে লুটপাট প্রক্রিয়া চালু রেখেছে। কৃষকদের ন্যায্য দাবি আদায়ে কমিটি করে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে।
সমাজতান্ত্রিক ক্ষেত মজুর ও কৃষক ফ্রন্টের সহ-সভাপতি কমরেড ওয়াজেদ পারভেজ বলেন, কৃষি উপকরণের দাম বেশি হওয়ার কারণে শস্য উৎপাদন করতে গিয়ে কৃষকদের খরচ বেশি পড়ছে। বিশেষ করে যেকোনো শস্য উৎপাদনের ভর মৌসুমে সারের প্রয়োজন হয়। এ সময় চাহিদা থাকায় সংকট দেখা দেয়। ডিলার পর্যায়ে সার থাকে না, কিন্তু খুচরা পর্যায়ে কৃষকদের বেশি দামে সার কিনতে হয়। বেশি দামে সার কিনে আবাদ করতে গিয়ে উৎপাদন খরচ বেড়ে যায়। আবার সেই ফসল যখন বাজারে বিক্রি করতে যায়, কৃষক দাম পায় না।
সরকারি হিমাগার না থাকা এবং সরকারি ভাবে ক্রয়ের ব্যবস্থা না থাকায় মধ্যস্বত্বভোগীরা কৃষকদের কাছ থেকে কম দামে কিনে পরে বেশি দামে বিক্রি করে।
তিনি বলেন, সরকার ধানের চেয়ে চাল বেশি ক্রয় করে। গত মৌসুমে সরকার যে দামে ধান ক্রয় করেছে, খোলা বাজারে কৃষক অন্তত ৪০০ টাকা কম দামে বিক্রি করেছে। সরকার চাল বেশি কেনার কারণে কৃষকরা ব্যবসায়ীদের কাছে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হয়।
এখন আলুর মৌসুম চলছে। কৃষকদের উৎপাদন খরচই উঠছে না। কৃষকদের সংরক্ষণের ব্যবস্থা নেই এবং বাজারজাত ব্যবস্থাও ঠিক নেই। এতে মাঝারি কৃষক প্রান্তিকে পরিণত হয়। আর প্রান্তিক পর্যায়ে বছরে প্রায় ১১ লাখ কৃষক ভূমিহীনে পরিণত হয়। ফলে সরকারের নীতির কারণে মধ্যস্বত্বভোগীরা লাভবান হচ্ছে। এ থেকে উত্তরণ পেতে হলে কৃষকদের ভর্তুকির মাধ্যমে সার, বীজ ও কীটনাশক সরবরাহ করতে হবে। এছাড়াও পর্যাপ্ত পরিমাণে হিমাগার স্থাপন করতে হবে, যেখানে কৃষকরা স্বল্প খরচে শস্য মজুত করতে পারে।
রিপোর্টার্স২৪/সাইফ