লক্ষ্মীপুর প্রতিনিধি: যারা মুখে ইনসাফের কথা বলেন, প্রকৃতপক্ষে তারা ইনসাফের রাজনীতি করেনি এবং মানুষকে জিম্মি করে গুপ্ত রাজনীতি করেছে, এমন মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ইনসাফের রাজনীতি সবসময় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে হয়েছে। ন্যায়ের রাজনীতির সবসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হয়েছে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে ইনসাফ ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে গড়তে চাই। সেখানে যুবদল বিশেষ ভূমিকা পালন করবে, তরুণ ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মহান কর্মসূচির মাধ্যমে বাংলাদেশকে স্বনির্ভর করেছিলেন এবং উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়েছিলেন। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বেও আমরা বাংলাদেশকে উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে এগিয়ে নিয়ে যাব।
লক্ষ্মীপুর পৌর যুবদলের সভাপতি ফয়েজ আহমেদের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনসহ আরও অনেকেই।
রিপোর্টার্স২৪/সাইফ