শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ যথাযথভাবে র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ বিষয়ক মহড়ার মাধ্যমে পালিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যে কর্মসূচি পালিত হয়।
উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক এবং উপস্থাপনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসাইন।
প্রধান অতিথি গাজী নজরুল ইসলাম বলেন, উপকূলীয় এলাকা হওয়ায় শ্যামনগর প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি, এবং দুর্যোগ মোকাবিলায় সকলকে একসাথে কাজ করতে হবে।
বক্তারা বলেন, সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরায় উপকূলীয় বোর্ড স্থাপন, শ্যামনগরের টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সবুজ বেষ্টনী তৈরীতে গাছ রোপণ, পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নির্মাণ ও সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠানে কম সাইক্লোন শেল্টার নির্মাণ, সুন্দরবন রক্ষা, নদীগুলো ড্রেজিং, খাল খননের মাধ্যমে মিষ্টি পানির আধার সৃষ্টি, দুর্যোগ সহায়তা প্রকল্পের ৪০ দিনের কাজ এবং দরিদ্র পরিবারের জন্য সরকারি ঘর বরাদ্দ নামীয় প্রকল্প দুটি পুনরায় বাস্তবায়নের উদ্যোগ নিতে আহবান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর থানার ওসি (তদন্ত) পিয়ার উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান ও সাবেক আমীর মাওলানা আব্দুল মজিদ, সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য জি এম সোলায়মান কবির, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, এনজিও প্রতিনিধি গাজী আল ইমরান, ছাত্র প্রতিনিধি মাসুম বিল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উপজেলা ফায়ার সার্ভিসের চৌকস সদস্যদের পরিচালনায় দুর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
রিপোর্টার্স২৪/সাইফ