নারায়ণগঞ্জ প্রতিনিধি: ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পে নারায়ণগঞ্জ জেলা ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে জেলা শিক্ষা অফিসারের কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর সুমন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান।
সভায় জানানো হয়, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত চার বছরব্যাপী ‘শিখা’ প্রকল্পটি নারায়ণগঞ্জসহ ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহীতে বাস্তবায়িত হবে। প্রকল্পটির লক্ষ্য যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং সহায়তা ব্যবস্থার উন্নয়ন।
আরও জানানো হয়, নারায়ণগঞ্জ জেলার ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি, বাল্যবিবাহ ও বুলিং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রকল্পটি গুরুত্ব দেবে।
মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকেরা, যৌন হয়রানি প্রতিরোধ কমিটির কার্যক্রম জোরদারকরণ, যুব ফোরাম গঠন, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার তালিকা হালনাগাদ এবং অভিভাবক সভার আয়োজনসহ বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন।
ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্স প্রোগ্রামের টেকনিক্যাল ম্যানেজার ইজাজ আহমেদ চৌধুরী বলেন, ‘শিখা’ প্রকল্পের আওতায় মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়, কর্মক্ষেত্র, গণপরিবহন, কমিউনিটি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।
জেলার পাঁচটি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার, সমাজসেবা অফিসার ও যুব উন্নয়ন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্স প্রোগ্রামের টেকনিক্যাল ম্যানেজার ইজাজ আহমেদ চৌধুরী, ‘শিখা’ প্রকল্পের প্রজেক্ট অফিসার মিরাজুল ইসলাম, মোদাচ্ছেরুল হক পাভেল, কমিউনিটি ভলান্টিয়ারসহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
রিপোর্টার্স২৪/এসএন