| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাঙ্গামাটিতে জ্বালানি তেলের সংকট, বিপাকে চালকেরা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ১৯:৪২:১৫:অপরাহ্ন  |  ৫৩৫৮০৪ বার পঠিত
রাঙ্গামাটিতে জ্বালানি তেলের সংকট, বিপাকে চালকেরা

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। দুই দিন ধরে অধিকাংশ পাম্পে অকটেন বিক্রি বন্ধ রয়েছে। কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য তেল বিক্রি হলেও পরে তা বন্ধ করে দেওয়া হচ্ছে। এতে মোটরসাইকেল চালকসহ বিভিন্ন যানবাহনের চালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে শহরের কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, কল্যাণপুর, রাজবাড়ী, বনরূপা ও পুরোনো বাসস্টেশন এলাকায় থাকা চারটি ফিলিং স্টেশনের বেশির ভাগেই অকটেন পাওয়া যাচ্ছে না। কিছু পাম্পে ডিজেলও শেষ হয়ে গেছে।

কল্যাণপুর এলাকার ত্যান্নাবি এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, পাম্পটি প্রায় ফাঁকা। স্টেশনের ব্যবস্থাপক সুফল চাকমা বলেন, সোমবার ৮ হাজার লিটার ডিজেলের একটি চালান পাওয়া গিয়েছিল। তবে সেগুলো মঙ্গলবার সকালেই শেষ হয়ে গেছে। দুই দিন ধরে অকটেনও পাওয়া যাচ্ছে না।

রাজবাড়ী এলাকার এস এম পেট্রোলিয়াম এজেন্সিতেও একই অবস্থা দেখা গেছে। সকাল থেকেই সেখানে অকটেন ও ডিজেল না থাকায় বিক্রি বন্ধ রয়েছে। পাম্পের কর্মচারী রিপন চাকমা বলেন, ডিজেল সোমবারেই শেষ হয়েছে। আর অকটেন দুই দিন ধরে নেই।

অন্যদিকে বনরূপা এলাকার মেসার্স হিল ভিউ ফিলিং স্টেশনে সকাল থেকে তেলের জন্য শত শত মোটরসাইকেল, পিকআপ ও প্রাইভেটকারের চালকেরা ভিড় করেছেন। কিছুক্ষণ তেল দেওয়ার পর পাম্প কর্তৃপক্ষ জানায়, তেল শেষ হয়ে গেছে।

অপেক্ষমাণ গ্রাহকদের অনেকেই অভিযোগ করেছেন, মেশিনে তেল থাকা সত্ত্বেও গ্রাহকদের তেল দেওয়া হচ্ছে না। এতে শহরে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে বলে তাঁদের সন্দেহ।

শহরের কয়েকটি ফিলিং স্টেশনের সামনে ‘অকটেন, ডিজেল ও পেট্রোল নেই’ এমন সাইনবোর্ডও ঝুলিয়ে রাখা হয়েছে। ত্যান্নাবি এন্টারপ্রাইজ ও হিল ভিউ ফিলিং স্টেশনের ব্যবস্থাপকরা জানান, তেল সরবরাহকারী কোম্পানি মেঘনা ও যমুনা অয়েল কোং লিমিটেড চাহিদামতো জ্বালানি সরবরাহ করতে পারছে না। তবে বুধবার সকালে তেল আসার কথা রয়েছে বলে তাঁরা জানিয়েছেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪