ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে তেল পাম্পে তেল কেনা নিয়ে বাকবিতণ্ডার জেরে কর্মচারীদের গণপিটুনিতে নিহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক নিরব হোসেন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে সম্মিলিত ছাত্র ঐক্য।
এতে ব্যানার-ফেস্টুন নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, নিহত নিরব হোসেনের স্বজন ও শিক্ষার্থীরা অংশ নেন। সে সময় সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান রাজু, ছাত্র মজলিসের সভাপতি উসামা হক, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি আব্দুর রহমানসহ অন্যরা বক্তব্য রাখেন।
সে সময় বক্তারা ছাত্রনেতা নিরব হোসেন হত্যার প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে বাসে আগুন দেওয়ার ঘটনায় আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।
গত শনিবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে তেল কেনাবেচা নিয়ে বাকবিতণ্ডার জেরে কর্মচারীদের পিটুনিতে নিহত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহের যুগ্ম মুখ্য সংগঠক নিরব হোসেন। এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা একটি পাম্প ও কেন্দ্রীয় বাস টার্মিনালে ৩টি বাসে আগুন ধরিয়ে দেয়। এখন পর্যন্ত হত্যায় জড়িত থাকার অভিযোগে ৩ জন এবং তেল পাম্প ও বাসে আগুন দেওয়ার ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ।
রিপোর্টার্স২৪/এসএন