বরিশাল প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবিরকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। চাল আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে সোমবার (৯ মার্চ) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর উপজেলা প্রশাসন তদন্তে একটি কমিটি গঠন করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল লোক ইউপি চেয়ারম্যান হুমায়ন কবির ও তার সঙ্গে থাকা কয়েকজনকে মারতে মারতে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে বাইরে নিয়ে যাচ্ছেন। হামলার একপর্যায়ে চেয়ারম্যান দৌড়ে আবার কার্যালয়ের ভেতরে ঢুকে আশ্রয় নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি নিয়ামতি ইউনিয়ন পরিষদে ভিজিডি কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ ওঠে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ একটি তদন্ত দল পাঠান। তদন্তে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজের নেতৃত্বে গঠিত দল প্রাথমিকভাবে চাল আত্মসাতের কোনো প্রমাণ পায়নি।
এ ঘটনার পর সোমবার সকালে নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদার তার নেতাকর্মীদের নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে চেয়ারম্যান হুমায়ন কবিরের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে।
ভুক্তভোগী চেয়ারম্যান হুমায়ন কবির বলেন, তার বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে তদন্ত করে কোনো অনিয়মের প্রমাণ পাননি। এরপরও তার ওপর হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
তদন্তে থাকা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ বলেন, তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের কোনো প্রাথমিক প্রমাণ পাওয়া যায়নি। তাদের উপস্থিতিতে এ ধরনের হামলার ঘটনা দুঃখজনক। ঘটনার বিস্তারিত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।
অভিযুক্ত বিএনপি নেতা সোহেল সিকদার দাবি করেন, চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের খবর পেয়ে তারা ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন। তবে পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠায় এমন ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান মিজান মিয়া বলেন, ঘটনার বিষয়ে তিনি শুনেছেন। দলের নেতাদের সঙ্গে আলোচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ইউনিয়ন পরিষদে একটি ঝামেলার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। তবে ভুক্তভোগী এখনো থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ জানান, ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ভিডিও তিনি দেখেছেন। ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে এবং তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি