| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে ছিনতাই বেড়েই চলেছে, পুলিশের পিস্তল ছিনতাইয়ে চাঞ্চল্য

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ০৬:৫৭:১৬:পূর্বাহ্ন  |  ৫৩৬০১৮ বার পঠিত
নারায়ণগঞ্জে ছিনতাই বেড়েই চলেছে, পুলিশের পিস্তল ছিনতাইয়ে চাঞ্চল্য

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। সাধারণ মানুষ ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখন ছিনতাইকারীদের টার্গেটে পরিণত হচ্ছেন।

সোমবার ভোরে শহরের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এএসআই) লুৎফর রহমান অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার হন। এ সময় তার সঙ্গে থাকা সরকারি পিস্তল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় শহরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, শহরে প্রকাশ্যে দিনের বেলাতেও পথচারী ও বিভিন্ন পরিবহনের যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে ছিনতাই করা হচ্ছে। তবে এসব ঘটনার অনেক ক্ষেত্রেই থানায় মামলা বা অভিযোগ হচ্ছে না।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়ণগঞ্জ জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল বলেন, অস্ত্রধারী একজন পুলিশ কর্মকর্তার কাছ থেকে পিস্তল ছিনিয়ে নেওয়া অত্যন্ত উদ্বেগজনক। এতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্পষ্ট। অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়ানো এবং প্রযুক্তির মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার ওপর তিনি জোর দেন।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেন, শহরের কিছু নির্দিষ্ট এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই ভয়ংকর আকার ধারণ করেছে। এ বিষয়ে পুলিশকে জানানো হলেও দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। সিসিটিভি স্থাপনের কথাও বলা হয়েছিল, কিন্তু তা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তবে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাসমিন আক্তার বলেন, ছিনতাই দমনে পুলিশ তৎপর রয়েছে। শহরের জিমখানা, নগর ভবন ও নিতাইগঞ্জ এলাকায় রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত টহল জোরদার করা হয়েছিল। ডিউটি শেষে ওয়াশরুমে যাওয়ার সময় ওই পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটে।

তিনি জানান, ছিনতাই রোধে টহল আরও বাড়ানো হয়েছে এবং ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে রোববার সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় এক পথচারীর কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা করলে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়। এর আগে গত ২২ ফেব্রুয়ারি বন্দর উপজেলায় এক বিকাশ এজেন্টকে পিস্তল ঠেকিয়ে ও ফাঁকা গুলি ছুড়ে টাকা ছিনতাইয়ের ঘটনাও ঘটে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪