| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে এএসআইয়ের পিস্তল ছিনতাই, আটক ১

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ০০:৩০:৫৮:পূর্বাহ্ন  |  ৫৬৭৫৬১ বার পঠিত
নারায়ণগঞ্জে এএসআইয়ের পিস্তল ছিনতাই, আটক ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)-এর কাছ থেকে ছিনতাই হওয়া পিস্তল ২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সোমবার ভোরে নগর ভবনের সামনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এএসআই লুৎফর রহমান একা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা আরেকটি মোটরসাইকেলে থাকা তিন ছিনতাইকারী নগর ভবনের গোলচত্বরের সামনে তাঁর গতিরোধ করে।

এরপর দুই ছিনতাইকারী মোটরসাইকেল থেকে নেমে ধারালো অস্ত্র দিয়ে এএসআই লুৎফর রহমানকে এলোপাতাড়ি আঘাত করে। একপর্যায়ে তাঁর কোমরে থাকা পিস্তলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ছিনতাইকারীদের একজনের পরনে সাদা শার্ট ও সাদা প্যান্ট এবং অন্যজনের পরনে কালো জিনস প্যান্ট ও কালো শার্ট ছিল। ঘটনাস্থলের আশপাশে একজন পথচারীকেও দেখা গেছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান জানান, ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হচ্ছে। ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই লুৎফর রহমান প্যাট্রোল ডিউটিতে ছিলেন। তাঁর সঙ্গে কনস্টেবল মতিউর রহমান ও ফয়সাল হোসেন দায়িত্ব পালন করছিলেন। সোমবার ভোরের দিকে এএসআই লুৎফর রহমান মোটরসাইকেলে করে মন্ডলপাড়া নগর ভবনের সামনে পৌঁছালে ছিনতাইকারীদের কবলে পড়েন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪