শেরপুর প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ।
সোমবার (৯ মার্চ) থেকে শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভিজিএফ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম শুরু করে উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে নিজ এলাকা বাজিতখিলা ইউনিয়ন পরিষদ থেকে এ কার্যক্রম পরিদর্শন শুরু করেন সংসদ সদস্য।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্টদের স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত হতদরিদ্র সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণের ওপর গুরুত্বারোপ করেন। জানা গেছে, পর্যায়ক্রমে সদর উপজেলার অন্যান্য ইউনিয়নেও তিনি এ কার্যক্রম পরিদর্শন করবেন।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রকিবুল হাসান, বাজিতখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল হাসান খুররমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।