চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে চলতি বছর বিভিন্ন অভিযানে মামলার আলামত হিসেবে জব্দ করা নিষিদ্ধ কারেন্ট জালসহ অন্যান্য ২৪ হাজার ৯৪৫ বর্গমিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকাল ৩টায় চাঁদপুর নৌ থানার সামনে এসব জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়। জালের মধ্যে রয়েছে—২৪ হাজার ৯৪৫ বর্গমিটার কারেন্ট জাল, ৩ হাজার ১৩৫ বর্গমিটার বেহুন্দি জাল, ৪০ বর্গমিটার মই জাল এবং ১৪ হাত মই জাল।
বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. ফখরুদ্দিন স্বপন।
এসব জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করার সময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ বর্ধন ও আবদুল মান্নান এবং নৌ পুলিশের সদস্যরা।
চলতি বছরের বিভিন্ন অভিযানে ৪৮টি মামলার আলামত হিসেবে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১৯ হাজার ৮০০ টাকা।
রিপোর্টার্স২৪/এসএন