কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার এক প্রবাসী সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন। নিহত প্রবাসীর নাম মোশারফ হোসেন (৪০)। তিনি উপজেলার কীর্ত্তনখোলা গ্রামের মো. সূর্যত আলী ও জহুরা বেগমের সন্তান।
জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি সৌদি আরবের আল খারিজ শহরের পাশে একটি কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন। রোববার (৮ মার্চ) ভোররাতে সেখানে সংঘটিত ক্ষেপণাস্ত্র হামলায় তার মৃত্যু হয় বলে স্বজনরা জানান।
পরিবার সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রায় আট বছর আগে তিনি সৌদি আরবে যান। দেশে তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তার আকস্মিক মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সখীপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনি জানান, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে।
রিপোর্টার্স২৪/এসএন