দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলায় বেকার যুবক ও যুব নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, স্বাবলম্বী ও আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর।
যুব উন্নয়ন অধিদপ্তরাধীন ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অফ বাংলাদেশ (টেকাব-২য় পর্যায়) শীর্ষক প্রকল্প কারিগরি সহায়তায় দাগনভূঞা উপজেলায় ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে ২ মাস ব্যাপী তিনটি শিফটে ৪০ জন যুব ও যুব নারীদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সকাল ৯টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।
যু্ব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় দাগনভূঞা উপজেলায় ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র এটি। এসি বাসের ভেতরে আসনের সামনে একটি করে রয়েছে কম্পিউটার। সেই কম্পিউটারে বসেই শিক্ষিত যুবক ও যুব নারীরা নিচ্ছেন প্রশিক্ষণ। এমন দৃশ্য চোখে পড়ে উপজেলা অফিসার্স ক্লাব মাঠ প্রাঙ্গণে।
ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন ফেনী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ দেলোয়ার হোসেন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা। এসময় তারা প্রশিক্ষণার্থীদের মনোযোগসহকারে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।
প্রশিক্ষনার্থী নূর জাহান ও মোঃ মিনহাজ বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের এমন উদ্যোগে বেশ খুশি আমরা। বিনা পয়সায় কম্পিউটারের প্রশিক্ষণ শেষে আমাদের সার্টিফিকেট, যাতায়াত ভাতাসহ বিভিন্ন উপকরণ দেওয়া হবে। পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ হবে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাফাজ্জল হোসেন বলেন, গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে আগত যুব ও যুব নারীদের মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অ্যাক্সেস, গ্রাফিক্স ডিজাইন ও নেটওয়ার্কিং প্রোগ্রাম শেখানো হচ্ছে। এ ছাড়া প্রশিক্ষণপ্রাপ্তরা প্রকল্প গ্রহণের ভিত্তিতে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ঋণ সহায়তা নিতে পারবেন। গ্রামের অবহেলিত যুবসমাজের বেকার সমস্যা দূরীকরণসহ কর্মসংস্থানে ভূমিকা রাখবে।
উল্লেখ্য, দুই মাস ব্যাপী এ প্রশিক্ষণ গত ১ মার্চ শুরু হয়। আগামী ৩০ এপ্রিল সম্পন্ন হবে। প্রশিক্ষণে ২০ জন যুব ও ২০ জন যুব নারী অংশ নেন।
রিপোর্টার্স২৪/মিতু