নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিনতাইয়ের শিকার হয়েছেন এবং তার সরকারি পিস্তলও ছিনতাইকারী লুট করে নিয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৯ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার জানান, লুৎফর রহমান নামে ওই পুলিশ কর্মকর্তা অন-ডিউটিতে ছিলেন। তিনি টয়লেট ব্যবহারের জন্য টিমের সঙ্গে বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন এবং তার সঙ্গে নিজের মোটরসাইকেলও ছিল।
পথে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে এবং তার সঙ্গে থাকা সরকারি পিস্তল লুট করে নিয়ে যায়। ঘটনা চলাকালীন সময়ে পুলিশ কর্মকর্তা সরকারি পোশাকে ছিলেন।
তাসমিন আক্তার আরও জানান, ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।
রিপোর্টার্স২৪/আরকে