| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফয়সাল ও আলমগীরকে দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু: আইজিপি

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৯, ২০২৬ ইং | ১২:০৬:৫০:অপরাহ্ন  |  ৫৭০২৮৩ বার পঠিত
ফয়সাল ও আলমগীরকে দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু: আইজিপি

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ভারতে গ্রেপ্তার হওয়া দুইজনকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সোমবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। আইজিপি বলেন, হাদি হত্যা মামলার আসামি ফয়সাল ও আলমগীরকে দেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক প্রক্রিয়ায় কাজ চলছে।

তিনি আরও বলেন, দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে এবং খুব শিগগিরই তাদের বিরুদ্ধে অভিযান শুরু করা হবে। পুলিশের পক্ষ থেকে কেউ অতি উৎসাহী হয়ে আইনবহির্ভূত কোনো কাজ করবে না বলেও তিনি উল্লেখ করেন।

আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, পুলিশ ন্যায়বিচারের পথে থেকেই কাজ করবে। সন্ত্রাসী ও মব সন্ত্রাস নির্মূলে পুলিশ সর্বাত্মক উদ্যোগ নেবে।

পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব দেওয়ায় সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ভারতে গ্রেপ্তার হওয়া দুজনকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

আইএসপিআর সূত্রে জানা যায়, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি হত্যা মামলার দুই প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) ও আলমগীর হোসেনকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪