| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৯, ২০২৬ ইং | ১০:৫০:৩১:পূর্বাহ্ন  |  ৫৪১৯৪৮ বার পঠিত
বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজশাহীর বাঘা উপজেলায় ঘন কুয়াশার মধ্যে সিএনজি ও ভটভটির (ইঞ্জিনচালিত তিন চাকার বাহন) মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। 

সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের বাঘা উপজেলার চন্ডিপুর এলাকায় হযরত আলীর বাড়ির সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুর উপজেলার নওপাড়া গ্রামের এক সিএনজি চালক যাত্রী নিয়ে বাঘার উদ্দেশ্যে রওনা দেন। সিএনজিটি বাঘা-লালপুর সড়কের চন্ডিপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, লালপুর উপজেলার নওপাড়া গ্রামের সিএনজি চালক শরিফুল ইসলাম (৪৫), একই উপজেলার বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস (৫৫) এবং আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০)।

দুর্ঘটনায় আহত হয়েছেন আন্দী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহাজান আলী (৩৫) এবং চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম (৫০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন জানান, তিনি ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ দুর্ঘটনাটি দেখতে পান। সকালে ঘন কুয়াশা থাকায় রাস্তায় সামনে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। কুয়াশার কারণে দুই গাড়ির চালক একে অপরকে দেখতে না পারায় এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, লালপুর থেকে একটি সিএনজি পাঁচ যাত্রী নিয়ে বাঘার দিকে আসছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ তিনজন নিহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে এবং দুর্ঘটনাকবলিত সিএনজি ও ভটভটি উদ্ধার করার কাজ চলছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪