বরিশাল প্রতিনিধি: সরকারি দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে বরিশাল জেনারেল হাসপাতালের দুই চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
রোববার (৮ মার্চ) দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল স্বাক্ষরিত এক চিঠিতে এ নোটিশ দেওয়া হয়।
শোকজ পাওয়া চিকিৎসকরা হলেন—বরিশাল জেনারেল হাসপাতালের শিশু বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. সালাহ আল দীন বিন নাসির রাসেল এবং অর্থোপেডিক সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. মো. মাহমুদ উল্লাহ মাহিন।
নোটিশে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকার বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, যা স্বাস্থ্য বিভাগের নজরে এসেছে। এ ঘটনায় তাদের কাছে কারণ জানতে চেয়ে শোকজ নোটিশ পাঠানো হয়েছে।
চিঠিতে আগামী দুই কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট দুই চিকিৎসককে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।
এর আগে ‘সরকার নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত’ শিরোনামে গত ৫ মার্চ একটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতেই রোববার তাদের শোকজ করা হয়।